দিনাজপুরে কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প অনুষ্ঠিত
দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের সত্যিকার বিজ্ঞানীদের মত চিন্তা ও গবেষণা করতে শেখানোর লক্ষ্য নিয়ে এ বছর সপ্তমবারের মত বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে
শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস-২০২০ কংগ্রেসের প্রস্তুতির অংশ হিসেবে ০৬ ও ০৭ মার্চ দিনাজপুর সদরে অবস্থিত চেহেলগাজী শিক্ষা নিকেতনে হয়ে গেলো দুই দিন ব্যাপি ‘কুদরত-ই-খুদা সায়েন্স ক্যাম্প’। ক্যাম্পে ১৪টি স্কুলের ৪৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে সায়েন্স ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্প এর প্রথমদিন শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা ও বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, গ্রাফ, মাপজোখ সম্পর্কে ধারণা দেয়া এবং বিভিন্ন মজার মজার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট দেখানো হয়। অবৈজ্ঞানিক যুক্তি বাদ দিয়ে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে হয় সেটিও শিক্ষার্থীদের ব্যাখ্যা করা হয়।
ক্যাম্পের ২য় দিনে শিক্ষার্থীদের ৮ টি দলে বিভক্ত করে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে গবেষণা করে এবং সেই বিষয়টি নিয়ে পোস্টার তৈরি করা ও উপস্থাপণ করা যায় তা হাতে কলমে শেখানো হয়। ৮ টি দলই আলাদা আলাদা ভাবে তাদের গবেষণার বিষয়টি ঠিক করে নেয় এবং এরপর তারা গবেষণায় যুক্ত হয়ে যায়। প্রতিটি দলের সকল সদস্য সক্রিয়ভাবে গবেষণা করে তাদের নিজস্ব বৈজ্ঞানিক পোস্টার তৈরি করে।
বিকাল ৪টা থেকে শিক্ষার্থীরা তাদের বানানো পোস্টার সবার সামনে উপস্থাপন করে। শিক্ষার্থীদের পোস্টার উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ম্যাথ ক্লাব এর সভাপতি মোহাম্মদ আলী।
ক্যাম্পটি পরিচালনা করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অ্যাকাডেমিক টিমের স্বেচ্ছাসেবক জুনায়িদুল ইসলাম, সফল সালেহিন, মুশফিকুর রহমান প্রিয়, মোঃ সাইম সরকার সিফাত এবং নাফিস ফারহান।